কক্সবাজারের তিনটি এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি রাজস্ব ফাঁকি রোধে জেলার চকরিয়া, কক্সবাজার সদর উপজেলা এবং টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে কমিশনারেটের তিনটি পৃথক দল অংশ নেয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ‘মার্বেল’ ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার শলাকা। এসব সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, রাজস্ব ফাঁকি শনাক্ত করা, বকেয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
