সৌদি আরবের আভা ও নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে জরুরি সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্কতা জারির পর সাইরেন বাজানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া সুরক্ষা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিটের মাথায় তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহরেও সতর্কতা তুলে নেওয়ার ঘোষণা আসে।
তবে কী কারণে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে সম্ভাব্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেশী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার কথা জানিয়েছে।
তবে আভা ও নাজরানে সতর্কতা জারির সঙ্গে হুথি গোষ্ঠীর কোনো হামলার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
