দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনসিপি তাদের এ কর্মসূচির কথা জানায়। একই সঙ্গে তিন দফা দাবি তুলে ধরে দলটি।
এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ সব কর্তৃত্ববাদী আইন বাতিল করা।
বিজ্ঞপ্তিতে দলটি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা বাধাগ্রস্ত হচ্ছে। এনসিপির দাবি, খুন, রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও পেশাজীবীরা নানা সমস্যার মুখে পড়ছেন।
দলটির বক্তব্য অনুযায়ী, সাংবাদিক হত্যা, মিরপুরে একটি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্যে ডাকাতির মতো ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এর পাশাপাশি চাল, ডাল, ভোজ্যতেল, ডিম ও এলপিজি গ্যাসের উচ্চমূল্য এবং বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো তুলে ধরে এনসিপি জানিয়েছে, গত ১৫ অক্টোবর নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। এর পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডেও গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় এক সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ বিরোধে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন বলেও দাবি করেছে এনসিপি।
একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু—মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এমন পরিসংখ্যান তুলে ধরেছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে অভিযোগ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে এনসিপি বলেছে, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। একইভাবে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিলের পরিবর্তে এখন কোনো কোনো ক্ষেত্রে ৪ হাজার টাকা পর্যন্ত বিল আসছে বলে দাবি করেছে দলটি।
এনসিপির দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ থেকে ১৪৫ টাকা বলেও উল্লেখ করেছে দলটি।
এ ছাড়া রসুন, টমেটো, ময়দা, করলা, বরবটি, শুকনা মরিচ ও বেগুনের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।
দলটির ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এসব বিষয়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ অক্টোবরের কর্মসূচিতে অংশ নিয়ে তিন দফা দাবির প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
