কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পিকআপের আরোহী ছিলেন।
নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল সবজিবাহী একটি পিকআপ। রাত সাড়ে ১২টার দিকে পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় পিকআপে থাকা আব্দুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত পিকআপটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ন-১১-৮৪৫১। অন্যদিকে, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া সাংবাদিকদের জানান, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় দুই তরুণের মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কী কারণে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
