ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দেশটির সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ফরাসি ভাষার সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, ফরাসি নেতৃত্ব সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে এবং চরমপন্থি ইসলামের কাছে নতি স্বীকার করেছে। পরিস্থিতি মোকাবিলায় তোষণনীতি পরিহার করে চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেওয়া সতর্কবার্তার কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। তার দাবি, হামাসকে ধ্বংস করা না হলে প্যারিসেও তাদের উপস্থিতি দেখা যেতে পারে।
এদিকে, ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। গত বছর ফ্রান্সের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইসরায়েল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্রান্সের বিক্ষোভের পেছনে অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেছেন এবং ম্যাক্রোঁকে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত আগস্টে যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বলে মন্তব্য করেছিলেন নেতানিয়াহু। তার ওই বক্তব্য ঘিরেও যুক্তরাজ্যে সমালোচনা তৈরি হয়েছিল।
নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের মধ্য দিয়ে ইউরোপে অভিবাসন, ধর্মীয় উগ্রবাদ ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে।
