নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদরানা। তিনি জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। পাশাপাশি ছায়া তদন্তও অব্যাহত রয়েছে।
নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সাংমা জানান, তাঁদের দুটি সন্তান রয়েছে। স্বামীকে এভাবে হত্যার ঘটনায় সন্তানদের নিয়ে তিনি আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে গুলিবিদ্ধ হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

