কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করতে পারেন। এ জন্য প্রধানমন্ত্রীর সময়সূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে চালুর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তাঁর সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। এরপর তাঁর সুবিধাজনক সময় বিবেচনা করে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।
কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে কথা বলে সম্ভাব্য গন্তব্য নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের সম্ভাব্য রুট চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্যক্রমের জন্য চালু হলে কক্সবাজারের সঙ্গে বিদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ ও আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
