নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অপরাধের দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি হলেও নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এখনো অনেক কাজ বাকি রয়েছে। সহিংসতা ও যৌন হয়রানির মতো অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
রাষ্ট্রপতি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে মেয়েদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। মেয়েদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
অন্যায়ের শিকার হলে নীরব না থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে মার্শাল আর্ট শেখার প্রতিও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তাঁর মতে, নারীদের সাফল্য শুধু পরিবারের জন্য নয়, বরং পুরো দেশের অগ্রগতির সঙ্গেও জড়িত।
