জ্বালানি তেলের নতুন মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংকট মোকাবিলায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সরকারি ব্যয় পুনর্বিন্যাসের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তার বক্তব্য অনুযায়ী, সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ছে। সংকটের সময়ে জনগণের ওপর নতুন আর্থিক চাপ না দিয়ে রাষ্ট্রের অন্যান্য খাতের ব্যয় পর্যালোচনা করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান সরকারের সময়ে কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানির মূল্য বাড়ানোর কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়ের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লোকসানের মুখে পড়েছে—সরকার মূল্যবৃদ্ধির পক্ষে এমন যুক্তি দিচ্ছে। তবে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বিভিন্ন কর ও শুল্ক আদায় করা হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সংকটকালীন সময়ে জনগণের ওপর চাপ কমাতে সাময়িকভাবে এসব কর-শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়নি কেন।

নাহিদ ইসলামের দাবি, জ্বালানির দাম বাড়িয়ে সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরে নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দেশের অর্থনীতিতে বাড়তে থাকা চাপের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার প্রশ্ন, সংকট স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যয় স্থগিত বা পুনর্বিবেচনা করা যায় কি না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংকটের কারণে জনগণের ওপর অতিরিক্ত ব্যয় চাপানোর সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রের অন্যান্য খাতেও ব্যয় কমানোর উদ্যোগ থাকা উচিত।

শেষ পর্যন্ত নাহিদ ইসলাম জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি না করে সরকারি ব্যয় পুনর্বিন্যাসের মাধ্যমে সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version