ঝিনাইদহের শৈলকুপায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মরিয়ম। সোমবার রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে সে।

রাতের কোনো একসময় ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপ শিশুটিকে কামড় দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে তখন বিষয়টি মরিয়ম কিংবা পরিবারের সদস্যদের নজরে আসেনি।

ভোরের দিকে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তীব্র ব্যথায় সে কান্নাকাটি করলে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন। পরে তার শরীর ও পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা।

পরিবারের সদস্যরা দ্রুত মরিয়মকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শুরু করা হলেও কিছু সময় পর তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় বেশ দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, বর্ষাকাল এবং এর পরের সময়ে গ্রামাঞ্চলে সাপের চলাচল বেড়ে যায়। এ সময় বাড়িঘরে সতর্কতা বাড়ানোর পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, সাপে কাটার ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে সময় নষ্ট করে ওঝা, ঝাড়ফুঁক বা লোকজ পদ্ধতির ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

Share.
Leave A Reply

Exit mobile version