পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সজল মৃধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মো. বাবুল মৃধার ছেলে। রোববার তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাতায়াতের সময় সজল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং প্রেম ও বিয়ের প্রস্তাব দিতেন।

এজাহারে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কিশোরী বাড়ির দোতলায় পড়াশোনা করছিল। এ সময় সজল তার মোবাইল ফোনে কল করেন। পরে বাড়ির দরজা খোলা পেয়ে তিনি ভেতরে প্রবেশ করে দোতলায় যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। একই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন সকালে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে কিশোরীর সঙ্গে সজলকে দেখতে পান।

ঘটনার পর শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করে পুলিশ।

রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, মামলা হওয়ার পর রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version