গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য ঢাকার আশুলিয়া, সাভার ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের অংশ হিসেবে আশুলিয়া রোডে থাকা বিদ্যমান গ্যাসলাইন অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না
এই সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা এবং ঢাকা ইপিজেড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস বা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এলাকাতেও গ্যাস পাওয়া যাবে না।
এ ছাড়া কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর ও সাভার টাউন এলাকায়ও সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান ও চারাবাগ এলাকাও এই সাময়িক বন্ধের আওতায় থাকবে।
বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকাও নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন থাকার তালিকায় রয়েছে।
আশপাশের এলাকাতেও থাকতে পারে চাপ কম
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত এলাকার বাইরে থাকা পার্শ্ববর্তী কিছু অঞ্চলেও এ সময় গ্যাসের চাপ কমে যেতে পারে। ফলে এসব এলাকার গ্রাহকরাও সাময়িকভাবে স্বাভাবিকের তুলনায় কম গ্যাসের চাপ পেতে পারেন।
পাইপলাইন স্থানান্তরের কাজ শেষ হলে শনিবার সকাল ৮টার পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। সাময়িক এই সমস্যার কারণে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
