ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রখ্যাত লেখক ও সাহিত্যচিন্তক ড. সাঈদ-উর রহমান আর নেই। রোববার সকালে ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, ড. সাঈদ-উর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট সাহিত্যচিন্তক। শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

উপাচার্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৪৮ সালের ২৬ মার্চ কুমিল্লার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাঈদ-উর রহমান। কুমিল্লা জেলা স্কুল ও সিলেটের এমসি কলেজে শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

গবেষণা ও সাহিত্যচর্চায় তার ছিল বিশেষ আগ্রহ। মধ্যযুগীয় সাহিত্য, বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এবং মার্কসবাদ নিয়ে তিনি উল্লেখযোগ্য গবেষণা ও লেখালেখি করেছেন। তার রচিত ও সম্পাদিত একাধিক গ্রন্থ বাংলা সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সমাদৃত।

মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। শিক্ষকতা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুর রব চৌধুরী স্বর্ণপদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগও গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version