অ্যাকাডেমিক সংস্কারসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও গবেষণাসংশ্লিষ্ট দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে থিসিস খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, গবেষণা কেন্দ্রে সার্টিফিকেট কোর্স চালু, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিবন্ধীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সক্ষমতা বৃদ্ধি, উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
কর্মসূচিতে জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, প্রতিষ্ঠার ৫৪ বছর পরও বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত অ্যাকাডেমিক সংস্কার বাস্তবায়িত হয়নি। তিনি গবেষণায় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সময়মতো স্নাতক সম্পন্নের জন্য কার্যকর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের দাবি জানান।
তিনি সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম জানান, সংগঠনটির পক্ষ থেকে আগেই দাবিগুলো অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হয়েছে। প্রশাসন ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর অধিকাংশ দাবি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে এবং গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মসূচির একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান উপস্থিত হয়ে বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো একটি আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক দায়িত্বের অংশ। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সিন্ডিকেট সভায় প্রস্তাব উত্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এর আগে গত ২৮ জুলাই জাকসু প্রশাসনের কাছে ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়। পরে দাবিগুলোর বাস্তবায়নের দাবিতে একাধিক কর্মসূচি পালন করে সংগঠনটি।
