সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার দাবিতে আবেদন জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ আবেদন জমা দেওয়া হয়।

এদিকে, বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। গত ২৭ আগস্ট আদালত ১২৯তমবারের মতো প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন করে আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন নির্ধারণ করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় নিহত হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শুরু করে শেরেবাংলানগর থানা পুলিশ। পরে দায়িত্ব যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। তবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‌্যাবের হাতে ন্যস্ত করা হয়।

বছরের পর বছর তদন্তেও দৃশ্যমান ফল না আসায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত কার্যক্রম থেকে সরিয়ে দেন। একই সঙ্গে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে চার সদস্যের ওই টাস্কফোর্স গঠন করা হয় এবং বর্তমানে তারাই মামলার তদন্ত পরিচালনা করছে।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় একাধিকবার সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ চলতি বছরের ২৬ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।

Share.
Leave A Reply

Exit mobile version