সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতেই দেশের দুই শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে লেনদেনের গতি ছিল সক্রিয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় প্রায় ৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ৭ পয়েন্ট কমে ১১০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট হ্রাস পেয়ে ২১০৬ পয়েন্টে নেমে আসে।
এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬০টির শেয়ারের দাম বেড়েছে, ২৪৮টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডোমিনেজ স্টিল, ফার ইস্ট নিটিং, লাভেলো আইসক্রিম, নিটোল ইন্স্যুরেন্স ও সিভিও পেট্রোকেমিক্যাল।
দিনের শুরুতে ডিএসইএক্স সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরে তা নিম্নমুখী হয়ে পড়ে। লেনদেন শুরুর পাঁচ মিনিটে সূচক ২৩ পয়েন্ট বাড়লেও সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে তা ২৫ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫২২ পয়েন্টে নেমে আসে।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩০টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত ছিল।
