নড়াইলে একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষককে ছয় শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে গাজীপুরের গাছা এলাকার কলাগাছর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল পৌর এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, মাদ্রাসার একজন শিক্ষক প্রশিক্ষণে থাকায় সাময়িকভাবে তার স্থলাভিষিক্ত হন মাহবুবুর রহমান। দায়িত্ব পালনকালে তিনি কয়েকজন শিশুশিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়টি প্রথম সামনে আসে গত ২৮ আগস্ট। ওই দিন এক অভিভাবক মাদ্রাসায় গিয়ে সন্তানের সঙ্গে দেখা করলে শিশুটি শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানায়। পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ করে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, মামলায় একাধিক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version