দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন চলাকালে সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
তাকে সংসদে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় স্পিকার দীর্ঘ সময় পর মির্জা আব্বাসের সংসদে উপস্থিতির কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানান। পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর চিকিৎসা চলাকালে মালয়েশিয়াতেও অবস্থান করেন তিনি। কয়েক মাসের চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন বিএনপির এই নেতা।
দেশে ফেরার পরদিনই সংসদ অধিবেশনে উপস্থিত হয়ে সংসদীয় কার্যক্রমে যোগ দিলেন মির্জা আব্বাস।
