মুসলিম বিশ্বের দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর দাবি, মুসলিম দেশগুলোর পারস্পরিক বিভেদকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে কিছু শক্তি।

রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খামেনির বক্তব্যের বিষয়টি তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর জাতিগত, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষ্য, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য দুর্বল হলে এর সুযোগ নিয়ে বিভিন্ন দেশে প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করা সহজ হবে।

মুসলিমদের মধ্যে বিভেদ বাড়াতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে তাদের দুর্দশা এতটা প্রকট হতো কি না, সে প্রশ্নও তোলেন খামেনি।

তিনি আরও বলেন, মুসলিম দেশগুলো যদি ইসলামি ঐক্যের ভিত্তিতে একসঙ্গে অবস্থান নেয়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূখণ্ড ও সম্পদের ওপর দূরবর্তী কোনো শক্তির প্রভাব বিস্তারের সুযোগ অনেকটাই কমে যাবে।

মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের উচিত প্রকৃত প্রতিপক্ষকে চিহ্নিত করা, প্রতিপক্ষের কৌশল সম্পর্কে সচেতন হওয়া এবং সম্মিলিতভাবে তার মোকাবিলা করা।

খামেনির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা শুধু ইরান বা ইরানি জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাসহ বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিও তাদের একই ধরনের বিরূপ অবস্থান রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version