দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

তিনি জানান, মির্জা আব্বাসের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আগামী বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আফরোজা আব্বাস বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দেশে ফেরার জন্য তিনি বেশ আগ্রহী ছিলেন এবং গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার বিষয়ে তাগাদা দিয়ে আসছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা মির্জা আব্বাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। পরে চিকিৎসক বোর্ড তাকে দেশে ফেরার অনুমতি দেয়। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। নিয়মিত থেরাপির প্রয়োজন হওয়ায় দেশে সেই ব্যবস্থাও করা হয়েছে।

যেভাবে শুরু হয়েছিল চিকিৎসা

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা ও ফিজিওথেরাপি চলেছে।

সবশেষে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তবে দেশে ফেরার পরও নিয়মিত চিকিৎসা ও থেরাপির মাধ্যমে তাকে থাকতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

Exit mobile version