বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় সরকার। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো, অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধন, বাংলাদেশি প্রকৌশলীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া যৌথভাবে হাসপাতাল নির্মাণ, মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং খেলাধুলার সরঞ্জাম উৎপাদনে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে ইলেকট্রিক গাড়ি, নির্মাণশিল্প ও হালাল খাদ্যপণ্যসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়ও উঠে আসে। পাশাপাশি বাংলাদেশের প্রকৌশলীদের মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি সুযোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরেন দেশটির হাইকমিশনার। সফরটি সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আলোচনা শেষে দুই পক্ষই বাংলাদেশ-মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানায়। বিশেষ করে জনশক্তি, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version