যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি রাডার স্থাপনার কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে কেপ নিউএনহামের দিকে যাচ্ছিল। উড্ডয়নের পর প্রায় ৪৫০ মাইল পথ অতিক্রম করে গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানটিতে ছিলেন দুই পাইলট ও ছয় যাত্রী। ফ্লাইটটি পরিচালনা করছিল চার্টার প্রতিষ্ঠান সিকিউরিটি এভিয়েশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বেসামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালিত ফ্লাইট ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা বিমানে থাকা আটজনের কেউই জীবিত নেই বলে নিশ্চিত করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কেপ নিউএনহাম বিমানবন্দর এলাকায় বিধ্বস্ত হয়। ওই স্থাপনাটি বিমানবাহিনীর একটি রানওয়ে হিসেবেও ব্যবহৃত হয় এবং কাছাকাছি থাকা দূরপাল্লার রাডার স্থাপনায় যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ।
তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
