আকাশপ্রেমীদের জন্য আগস্টের শেষ দিকে তৈরি হতে যাচ্ছে একটি আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য। ২৭ থেকে ২৮ আগস্টের মধ্যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়ায় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে যাবে। পূর্ণগ্রাস গ্রহণ না হলেও এর বড় একটি অংশ লালচে বা কমলা আভায় দেখা যেতে পারে। এ কারণে দৃশ্যটি অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো মনে হবে।
জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই অ্যাট নাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা। তখন পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো অংশজুড়ে অবস্থান করবে।
চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবী মাঝখানে থাকায় সূর্যের আলো সরাসরি চাঁদের ওপর পৌঁছাতে পারে না এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে।
তবে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে কিছু আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছে যায়। বায়ুমণ্ডল নীল আলোর বড় অংশ ছড়িয়ে দিলেও লাল ও কমলা আলোর তরঙ্গ তুলনামূলকভাবে বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণেই গ্রহণের সময় চাঁদের রঙ লালচে বা কমলা দেখায়।
এই মহাজাগতিক দৃশ্য উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে তুলনামূলক ভালোভাবে দেখা যাওয়ার কথা। চাঁদ অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু এলাকা থেকেও গ্রহণের একটি অংশ পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।
তবে বাংলাদেশের আকাশ থেকে এই গ্রহণ সরাসরি দেখার সম্ভাবনা খুবই কম। কারণ গ্রহণের গুরুত্বপূর্ণ পর্যায়টি স্থানীয় সময় দিনের বেলায় ঘটবে।
ফলে বাংলাদেশি আকাশপ্রেমীদের জন্য এবার ‘ব্লাড মুন’ দেখার সুযোগ সীমিত হলেও, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি হতে যাচ্ছে একটি দৃষ্টিনন্দন মহাজাগতিক ঘটনা।
