মধ্যপ্রাচ্যে নতুন ধরনের আঞ্চলিক কাঠামো তৈরি হওয়ায় বিদেশি শক্তিগুলোর প্রভাব ধীরে ধীরে কমছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিবর্তনের পেছনে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের সংগ্রাম ও আত্মত্যাগের ভূমিকা রয়েছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, নতুন আঞ্চলিক ব্যবস্থায় বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ কমে আসছে। তার দাবি, এ পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবও আগের তুলনায় দুর্বল হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ইসরায়েলকে ‘নদী থেকে সাগর পর্যন্ত’ বিস্তৃত করার যে ধারণা নিয়ে আলোচনা রয়েছে, সেটিও বর্তমানে বাস্তবায়নের পরিবর্তে একটি অবাস্তব স্বপ্নে পরিণত হয়েছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। ওই ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়ে।

গালিবাফের সাম্প্রতিক মন্তব্য মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে ইরানের রাজনৈতিক অবস্থানকেই তুলে ধরছে।

Share.
Leave A Reply

Exit mobile version