সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের আর্থিক সেবা চালুর পরিকল্পনা করছে। সম্ভাব্য এই ফিচার চালু হলে প্ল্যাটফর্মটির ডিরেক্ট মেসেজ বা ডিএম ব্যবহার করেই একজন ব্যবহারকারী অন্যজনকে সরাসরি টাকা পাঠাতে পারবেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য টিকটক অ্যাপের বর্তমান সংস্করণের কোড বিশ্লেষণ করে এমন একটি ফিচারের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
ডিএম থেকেই অর্থ পাঠানো যাবে
সম্ভাব্য ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সরাসরি ব্যক্তিগত চ্যাট থেকেই অর্থ পাঠাতে পারবেন। টাকা পাওয়ার পর প্রাপককে একটি ‘ট্যাপ টু অ্যাকসেপ্ট’ ধরনের অপশনের মাধ্যমে লেনদেন গ্রহণ করতে হতে পারে। অর্থ পাঠানোর সময় ছোট একটি বার্তা যুক্ত করার সুবিধাও থাকতে পারে।
এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ভেনমোর মতো ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ স্থানান্তর সেবার সঙ্গে অনেকটা মিল রাখতে পারে। এর মাধ্যমে বন্ধু, পরিচিত কিংবা অন্য ব্যবহারকারীদের মধ্যে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ তৈরি হতে পারে।
ব্যবহার হতে পারে ‘টিকটক পে’
নতুন এই সেবা চালু হলে অর্থ লেনদেনের জন্য টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ‘টিকটক পে’ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপের কেনাকাটায় ইতোমধ্যে এই পেমেন্ট ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে।
তবে টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমের মাধ্যমে অর্থ পাঠানোর সুবিধাটি বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে না। অর্থাৎ অ্যাপের কোডে সম্ভাব্য ফিচারের ইঙ্গিত পাওয়া গেলেও এটি চালুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
‘সুপার অ্যাপ’ হওয়ার পথে টিকটক?
টিকটক বর্তমানে শুধু ছোট ভিডিও দেখার প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ নেই। টিকটক শপ, সার্চ, স্থানীয় ব্যবসা ও বিভিন্ন স্থানের তথ্য, গেম এবং হোটেল বুকিংয়ের মতো নানা সেবা ধীরে ধীরে প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে।
এর সঙ্গে যদি সরাসরি অর্থ লেনদেনের সুবিধাও যোগ হয়, তাহলে এক প্ল্যাটফর্মে বিনোদন, যোগাযোগ, কেনাকাটা ও আর্থিক সেবা ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হবে। ফলে টিকটক একটি ‘সুপার অ্যাপ’-এর মতো সেবা কাঠামোর দিকে এগিয়ে যেতে পারে।
আর্থিক সেবায় টিকটকের আগ্রহ
বিভিন্ন দেশেই আর্থিক খাতে প্রবেশের বিষয়ে টিকটকের আগ্রহের খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, ব্রাজিলে ঋণ ও পেমেন্ট সেবা দেওয়ার জন্য ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমোদন পেতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল টিকটক।
ভেনমো ও জেলের সঙ্গে প্রতিযোগিতা?
ডিএমের মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি অর্থ পাঠানোর সুবিধা চালু হলে যুক্তরাষ্ট্রের ভেনমো ও জেলের মতো জনপ্রিয় অর্থ স্থানান্তর সেবার সঙ্গে টিকটকের প্রতিযোগিতা তৈরি হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক সেবা একত্র করার উদ্যোগ অবশ্য টিকটকের জন্য একেবারে নতুন কোনো ধারণা নয়। এক্স প্ল্যাটফর্মও ‘এক্স মানি’ নামে অর্থ লেনদেনের সুবিধা চালু করেছে।
তবে টিকটকের সম্ভাব্য নতুন ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়েও নিশ্চিতভাবে পৌঁছায়নি। তাই এটি শেষ পর্যন্ত চালু হবে কি না এবং চালু হলেও কবে থেকে ব্যবহার করা যাবে—এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

