হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সহজ করতে ওমানের সঙ্গে আলোচনা করে একটি বিকল্প ও অস্থায়ী নৌপথ নির্ধারণের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
আরাগচির ভাষ্য অনুযায়ী, আগের ব্যবহৃত নৌপথগুলো বর্তমানে কার্যকর না থাকায় জাহাজ চলাচলের জন্য নতুন রুট নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। প্রাথমিকভাবে অস্থায়ী একটি পথ চালুর পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় পরবর্তীতে সেটিকে স্থায়ী নৌপথে রূপ দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।
তবে ইরানের সঙ্গে ওমানের চলমান আলোচনা এবং হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় খুলে দেওয়া—এই দুটি বিষয়কে আলাদা হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
হরমুজ প্রণালির নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর অংশ হিসেবে সমুদ্রপথ থেকে সম্ভাব্য মাইন অপসারণসহ নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। এ নিয়ে ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠন করেছে।
আরাগচি জানিয়েছেন, নৌপথ নির্ধারণের বিষয়ে দুই দেশ দ্রুত কোনো সমাধানে পৌঁছাতে পারে। তবে নতুন রুট তৈরি হলেই যে হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খুলে যাবে, এমন নয়। প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রে আরও কিছু শর্ত পূরণের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
ইরানের অবস্থান অনুযায়ী, এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। ফলে নতুন নৌপথ নির্ধারণের পাশাপাশি হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ কার্যক্রম কবে স্বাভাবিক হবে, সেটি নির্ভর করছে বৃহত্তর নিরাপত্তা ও কূটনৈতিক সমঝোতার ওপর।
