যান্ত্রিক সমস্যার কারণে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইটটি।

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে বিমানটি সেখানে নামে।

রোমে নেওয়ার পর দীর্ঘ সময় ধরে ত্রুটি মেরামতের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রকৌশলী পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। শনিবার বিজি-৩০৫ ফ্লাইটে ঢাকার একটি প্রকৌশলী দল রোমের উদ্দেশে রওনা হয় এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটের দিকে সেখানে পৌঁছায়।

রোমে পৌঁছে প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করেন। পরে বিমানটিকে পুনরায় যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেই বিজি-৩০৬ ঢাকার উদ্দেশে রোম ত্যাগ করে।

তবে দীর্ঘ সময় উড়োজাহাজ আটকে থাকায় যাত্রীদের বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। কয়েকজন যাত্রীর অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ১৭০ জনকে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করতে হয়েছে।

যাত্রীদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হলেও বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘ অপেক্ষার পাশাপাশি থাকা ও যাত্রীসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকে।

শেষ পর্যন্ত প্রকৌশলীদের মেরামতকাজ শেষ হওয়ার পর উড়োজাহাজটি রোম থেকে ঢাকার পথে রওনা দেয়। প্রায় ৪০ ঘণ্টার অনিশ্চয়তা ও অপেক্ষা শেষে রোববার দুপুরে নিরাপদে ঢাকায় পৌঁছায় বিজি-৩০৬।

Share.
Leave A Reply

Exit mobile version