বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন, ঢাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা উচিত নয়। পাশাপাশি ব্যক্তিগত, আর্থিক বা সংবেদনশীল তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক যোগাযোগ পান, তাহলে বিষয়টি দ্রুত ভারতীয় হাইকমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংযুক্ত করে visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

Share.
Leave A Reply

Exit mobile version