ঐতিহাসিক জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর। এতে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), ফয়সাল আহমেদ, অনুক্ত কামরুল, মীর জাহান, খালেদ মাহমুদ, জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, তানভীর ওয়াদুদ, কাজী শাহীন এবং মো. জাহিদুল ইসলাম

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাদের মতে, সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের প্রস্তাবগুলো কার্যকর করা এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।

তারা আরও উল্লেখ করেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার সুরক্ষার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও গণতান্ত্রিক বিভিন্ন ইস্যুতে প্রবাসী বাংলাদেশিরা অতীতেও ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা।

সভাপতির সমাপনী বক্তব্যে আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version