ফরাসি ফুটবলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের যাত্রা শুরুর আগেই দেখা দিয়েছে ব্যাপক দর্শক আগ্রহ। দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। প্যারিসের স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত থাকার সুযোগ পাবেন। ফরাসি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।
দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদান। তার নেতৃত্বে দল নতুন সাফল্যের পথে ফিরবে—এমন প্রত্যাশাই করছেন সমর্থকেরা।
তবে ঘরের মাঠে অভিষেকের আগে জিদানের কোচিং অধ্যায় শুরু হবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে একই প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচে অংশ নেবে দলটি।
নিজ দেশের সমর্থকদের সামনে প্রথমবার কোচ হিসেবে জিদানকে দেখা যাবে ২ অক্টোবর ইতালির বিপক্ষে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ফ্রান্স।
ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে ওই ম্যাচেরও প্রথম শ্রেণির অল্প কিছু টিকিট ছাড়া প্রায় সবই বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, ফ্রান্সের ডাগআউটে জিদানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দর্শকে পরিপূর্ণ গ্যালারির সামনে।
