মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া বনের ভেতরে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। হঠাৎ বগির সংযোগের হুক ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে। ফলে এই রেলপথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ছিঁড়ে যাওয়া হুক পুনরায় সংযুক্ত করার পাশাপাশি ট্রেনটিকে সচল করার কাজ শুরু করেন তারা।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, পাহাড়িকা এক্সপ্রেসের বগিগুলোর সংযোগস্থলের হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটির সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংযোগের হুক মেরামত ও পুনঃস্থাপনের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে। তবে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগে সাময়িক বিঘ্ন থাকবে।
ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। মেরামত শেষ করে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
