ইতালির সাবেক অধিনায়ক ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত এই তারকার বিদায়ে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বারেসি তাঁর পুরো পেশাদার ক্যারিয়ারই কাটিয়েছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ক্লাবটির হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন এবং প্রায় ১৫ মৌসুম অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইতালির জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন নির্ভরযোগ্য এক ডিফেন্ডার, দেশের হয়ে খেলেছেন ৮১টি আন্তর্জাতিক ম্যাচ।

আশি ও নব্বইয়ের দশকে এসি মিলানের সাফল্যের পেছনে বারেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে ক্লাবটি তিনবার ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের পাশাপাশি ছয়টি সেরি আ শিরোপা ঘরে তোলে। এছাড়া তিনি ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন।

শুক্রবার প্রকাশিত এক শোকবার্তায় এসি মিলান জানায়, ফ্রাঙ্কো বারেসির মৃত্যু ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা এবং অবদান ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্লাবটি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এসি মিলান আরও উল্লেখ করেছে, বারেসির বিদায়ে শুধু ক্লাব নয়, বিশ্বের অসংখ্য রসোনেরি সমর্থকও একজন প্রিয় কিংবদন্তিকে হারানোর শোক অনুভব করছেন। ফুটবল ইতিহাসে তাঁর অবদান আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version