সমাজের ক্ষমতার কাঠামো, রাজনৈতিক প্রভাব এবং অভিজাত জীবনের আড়ালের বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলা চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।
বাঁধন জানিয়েছেন, ছবিটি নিয়ে নির্মাতা দলের সঙ্গে তাঁর আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে। তিনি জানান, সিনেমায় তিনি একজন মানবাধিকারকর্মী ও আইনজীবীর চরিত্রে অভিনয়ের জন্য বিবেচিত হচ্ছেন।
চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। কোনো অপরাধে জড়িত না থেকেও কীভাবে ক্ষমতার অপব্যবহার, সামাজিক বৈষম্য এবং নানা ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হয়, সেই বাস্তবতাই গল্পের মূল বিষয়। এর মাধ্যমে সমাজের বিভিন্ন অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করা হবে।
নির্মাতারা জানিয়েছেন, এটি প্রচলিত নায়ককেন্দ্রিক বাণিজ্যিক সিনেমার ধারা অনুসরণ করবে না। পুরো কাহিনি আবর্তিত হবে একজন নারীর জীবন, সংগ্রাম এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর লড়াইকে ঘিরে।
এর আগে মধুমিতা সরকারও নিশ্চিত করেছেন যে তিনি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তিনি বাংলাদেশে এসে শুটিংয়ে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তবে নির্মাতা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত সূচি নিশ্চিত হবে।
