
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।
স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ লেখেন, ‘খেলা শেষ, স্পেন চ্যাম্পিয়ন আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু, দুঃখজনক। তবে প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে।’
৮৩ বছর বয়সী এই অভিনেতা মেসিকে ভক্তদের ভালোবাসা গ্রহণ করে দৃঢ় থাকার পরামর্শও দেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এই জয়ে স্পেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে, আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ভবিষ্যতে দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছু সময় প্রয়োজন বলেও জানান তিনি।
স্কালোনি বলেন, খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।