
২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর অভিনন্দনের জোয়ারে শামিল হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং অপু বিশ্বাস।
সুপারস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেন দলের প্রশংসা করে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’
অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’
নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় স্পেন। বলের দখল, আক্রমণ এবং ম্যাচের নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই স্প্যানিশরা ছিল এগিয়ে। পুরো ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
এই জয়ের মাধ্যমে স্পেন বিশ্ব ফুটবলে আরও একটি বিশ্বকাপ শিরোপা যোগ করল। অন্যদিকে, ফাইনালে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
