মেট্রোরেলে যাতায়াতের সময় মোবাইলের স্পিকারে গান শোনা বা ভিডিও দেখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। নতুন নিয়ম অনুযায়ী, হেডফোন বা ইয়ারফোন ছাড়া স্পিকারে অডিও বা ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করলে সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত জরিমানা করা হবে।

সম্প্রতি মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২ সংশোধনের মাধ্যমে জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬-এর আওতায় এ বিধান কার্যকর হয়েছে। নতুন নিয়ম ১৯ জুন থেকে বলবৎ রয়েছে।

প্রাথমিকভাবে বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ভারতের সব মেট্রো পরিষেবার জন্য প্রযোজ্য।

নতুন বিধান অনুযায়ী, স্পিকারে ভিডিও বা গান চালানো ছাড়াও মেট্রোর ভেতরে উচ্চস্বরে চিৎকার, অশালীন ভাষা ব্যবহার, মাতাল অবস্থায় বিশৃঙ্খল আচরণ, থুতু ফেলা, কোচের মেঝেতে বসা কিংবা মেট্রোর সম্পত্তির ক্ষতি করলে জরিমানার মুখে পড়তে হবে।

এছাড়া অনুমতি ছাড়া মেট্রো এলাকায় পোস্টার বা ব্যানার লাগানো, বিক্ষোভ করা, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, ট্র্যাকে ওঠা, ভুয়া টিকিট ব্যবহার বা সরকারি নোটিশ বিকৃত করার মতো অপরাধের জন্যও কয়েক হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগে তুলনামূলক কম জরিমানার কারণে অনেক যাত্রী নিয়ম মানতেন না। তাই যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং শব্দদূষণ কমাতে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version