বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্কের জেরে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনটিতে ৯৫ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

ArgentinaOut.com-এ প্রকাশিত ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। পিটিশনে দাবি করা হয়, যদি কোনো দলের প্রতি বিশেষ সুবিধা দেওয়া হয়, তাহলে প্রতিযোগিতার ন্যায্যতা প্রশ্নের মুখে পড়ে। তাই আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এই বিতর্কের সূত্রপাত আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে আর্জেন্টিনা প্রথমে পিছিয়ে থাকলেও শেষ দিকে টানা তিন গোল করে নাটকীয় জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচ শেষে মিশর শিবির রেফারিং নিয়ে আপত্তি তোলে। তাদের অভিযোগ, ভিএআরের মাধ্যমে একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ঘটে যাওয়া একটি সম্ভাব্য ফাউলের ঘটনা যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। তাদের মতে, ওই পরিস্থিতিতে পেনাল্টির সিদ্ধান্ত আসা উচিত ছিল।

মিশরের প্রধান কোচ হোসাম হাসান ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ফিফার কড়া সমালোচনা করেন। তার দাবি, ম্যাচ পরিচালনায় ন্যায্যতার ঘাটতি ছিল এবং এতে তাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্জেন্টিনা অতীতেও এমন অভিযোগের মুখোমুখি হয়েছে। তার মতে, বর্তমান ভিএআর প্রযুক্তির যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা দেওয়ার সুযোগ খুবই সীমিত এবং অভিযোগগুলোর বাস্তব ভিত্তি নেই।

Share.
Leave A Reply

Exit mobile version