লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিত ব্যক্তিদের এসব অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধ অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথে না যান।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ অব্যাহত রেখেছে।

Share.
Leave A Reply

Exit mobile version