বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই নকআউট পর্ব নিশ্চিত করে আলোচনায় এসেছে ডিআর কঙ্গো। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী ম্যাচের প্রস্তুতি দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন দলের প্রধান কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিতব্য রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে গ্রুপ পর্বের সাফল্য ভুলে পুরো মনোযোগ প্রস্তুতির দিকেই দিতে চান কোচ।
দাসাবরাহ বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি বিলম্ব না করে শুরু করা হবে। তিনি জানান, দলের কয়েকজন ফুটবলার ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেন, ফলে প্রতিপক্ষ সম্পর্কে তাদের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে।
গ্রুপ পর্বে কঙ্গো প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতিবাচক সূচনা করে। এরপর কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করে।
অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করে পরের পর্বে উঠেছে। কোচ টমাস টুখেলের অধীনে দলটি এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।
কঙ্গোর বড় ভরসা আক্রমণভাগ। ফরোয়ার্ড ইয়োয়ান উইসা ইতোমধ্যে তিনটি গোল করেছেন, যার মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে ছিল জোড়া গোল। এছাড়া ইংলিশ ফুটবলে অভিজ্ঞ ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকাসহ আরও কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতি দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন দাসাবরাহ। তাঁর ভাষায়, প্রতিপক্ষ শক্তিশালী হলেও কঙ্গো সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
