ইসরায়েলের আগামী সাধারণ নির্বাচনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা বর্তমানে যুদ্ধনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং দুর্নীতির মামলাসহ একাধিক সংকটের মুখোমুখি।

দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী নেতানিয়াহু অতীতে বহু রাজনৈতিক সংকট কাটিয়ে ক্ষমতায় টিকে থাকলেও, এবার পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, আসন্ন নির্বাচন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এবং এর জেরে ইসরায়েল ও আঞ্চলিক বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেশটির রাজনৈতিক পরিবেশকে আরও চাপের মুখে ফেলেছে।

এদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনাও সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে আন্তর্জাতিক মহল থেকে সংঘাত কমানোর আহ্বান, অন্যদিকে দেশের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি—এই দুই চাপের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে সরকারকে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে সরকারের ভূমিকা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরে উঠলেও, সে বিষয়ে সরকারের অনীহা নিয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের সমালোচনা অব্যাহত রয়েছে।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন দেশটির সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে, যার ফলে কূটনৈতিক চাপও বেড়েছে।

অন্যদিকে, ২০১৯ সাল থেকে চলমান একাধিক দুর্নীতির মামলাও নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তিনি আইনি শাস্তির মুখোমুখি হতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন শুধু নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ইসরায়েলের পরবর্তী নীতিনির্ধারণ ও আঞ্চলিক অবস্থানও অনেকাংশে নির্ধারণ করবে। বিশ্লেষক নিমরোদ ফ্ল্যাচেনবার্গের মতে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানকে ঘিরে বিভিন্ন সিদ্ধান্ত দেশটির জনমতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে, যা নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version