বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি একাধিকবার কান্নায় ভেঙে পড়েন বলে সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলীয় সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং দলের প্রতি তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থেকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিজের দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চান তিনি। বক্তব্যের এই অংশেও তিনি আবেগ ধরে রাখতে পারেননি বলে সভায় উপস্থিত সংসদ সদস্যরা জানান।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি তাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে, সেটির মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুলের বিদায়ী বক্তব্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্কের নানা স্মৃতি তুলে ধরার সময় সভায় উপস্থিত অনেক নেতাকর্মীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

Share.
Leave A Reply

Exit mobile version