ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছেন দেশটির নাগরিকদের একটি অংশ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে সংঘটিত নিরাপত্তা ত্রুটির বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে শনিবার তেল আবিবে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সরকার এখনো আইন অনুযায়ী স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করেনি এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
সমাবেশে বক্তব্য দেন হামলায় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ইয়োরাম মেটজগারের পরিবারের সদস্য আয়ালা মেটজগার। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে একটি নিরপেক্ষ তদন্ত অত্যন্ত প্রয়োজন। তার মতে, আইন অনুযায়ী গঠিত কমিশনে স্বাধীন বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেন, যা তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক।
তিনি আরও দাবি করেন, সরকারের প্রস্তাবিত বিকল্প তদন্ত কাঠামো রাজনৈতিক প্রভাবমুক্ত হবে না। ফলে এমন ব্যবস্থায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন নোভা সঙ্গীত উৎসবে নিহত তরুণী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যানও। তিনি হামলার পেছনের কারণ ও দীর্ঘমেয়াদি সংঘাতের বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সামরিক সেবা ও কিছু বিশেষ গোষ্ঠীর জন্য বিদ্যমান নীতিগত সুবিধা নিয়েও সমালোচনা করেন।
আবেগঘন বক্তব্যে তিনি নিহত মেয়ের স্মৃতিচারণ করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।
এদিকে বিক্ষোভ চলাকালে সরকারপন্থি এক কর্মী ঘটনাস্থলে এসে ভিডিও ধারণের চেষ্টা করলে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এ সময় তার সঙ্গে এক সরকারবিরোধী কর্মীর বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয় এবং আর কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
