ফুটবলের সবচেয়ে বড় আসরের উত্তাপ ছড়িয়ে পড়েছে উত্তর আমেরিকাজুড়ে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের আবহ পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও। আর নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর আগে আত্মবিশ্বাসে টগবগ করছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে মার্কিনরা।
ফিফা র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম, যেখানে প্যারাগুয়ে রয়েছে ৪০ নম্বরে। তবে শুধু র্যাঙ্কিং নয়, ঘরের মাঠ, পরিচিত পরিবেশ এবং দর্শকদের সমর্থনও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের।
বিশ্বকাপ শুরুর আগে দলের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, “আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব। এই বিশ্বাস রাখার যথেষ্ট কারণ রয়েছে।”
২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে অপরাজিত থাকলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। তবে এবার ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগে খেলা তারকাদের নিয়ে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গড়ে তুলেছে তারা।
সাম্প্রতিক পারফরম্যান্সও আত্মবিশ্বাস বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের। প্রস্তুতি ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে তারা। এছাড়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলে হারলেও পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াই করেছে মার্কিনরা।
দলের আক্রমণভাগে অন্যতম ভরসা অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ। তার সঙ্গে ফোলারিন বালোগানের গোল করার ক্ষমতা যুক্তরাষ্ট্রকে বাড়তি শক্তি দিচ্ছে। প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্য বিশ্বকে দেখাতে মুখিয়ে রয়েছে দলটি।
তবে প্যারাগুয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হেরে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। সেই পথে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি।
গুস্তাভো গোমেস ও ওমার আলদেরেতেকে ঘিরে গড়ে ওঠা প্যারাগুয়ের রক্ষণভাগ বেশ শক্তিশালী। অন্যদিকে আক্রমণে হুলিও এনসিসো, মিগেল আলমিরন ও আন্তোনিও সানাব্রিয়ার মতো খেলোয়াড়রা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
ফলে ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেরও সংঘর্ষ। একদিকে যুক্তরাষ্ট্রের দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও বাস্তববাদী কৌশল।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে যুক্তরাষ্ট্র জয় পেয়েছে ৫ ম্যাচে, প্যারাগুয়ে জিতেছে ২টিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের মাটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। ম্যাচ শুরুর আগে থাকছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী Katy Perry। এছাড়া পারফর্ম করবেন Future, Lisa, Rema এবং Tyla।
সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠের লড়াইয়ের পাশাপাশি জমকালো আয়োজনেও চোখ থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর।

