হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে আলোচিত রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানিতে তিনি নিজেই রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।
তিনি বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে কোনো মামলার শুনানিতে মুলতবি আবেদন করা হবে না। দ্রুত বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী রোববার থেকে বিচারকার্য শুরু করবেন।
রাষ্ট্রপক্ষে রামিসা হত্যা মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে একটি বিশেষ আইনজীবী দল দায়িত্ব পালন করবে। এ দলে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, জামিউল হক ফয়সাল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন।
গত ৯ জুন রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের রায়ে স্বাক্ষর করার পর নথিগুলো হাইকোর্টে প্রেরণ করা হয়।
বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকেই ডেথ রেফারেন্স হিসেবে বিবেচনা করা হয়।

