কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হঠাৎ করেই বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী Mamata Banerjee। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় তৃণমূল ভবনে দলীয় কাউন্সিলর ও শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন Firhad Hakim। তবে এখনো পুরবোর্ড ভেঙে দেওয়া হয়নি। ফলে নতুন মেয়র নির্বাচন, পুরবোর্ডের ভবিষ্যৎ এবং প্রশাসনিক কাঠামো নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

তৃণমূল সূত্রে জানা যায়, এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ নেতৃত্ব, প্রশাসনিক পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে বৈঠকটি ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করা হয়।

দলীয়ভাবে জানানো হয়েছে, দিল্লিতে বিজেপিবিরোধী জোট INDIA Alliance-এর বৈঠকে অংশ নিতে মমতা ব্যানার্জির আকস্মিক দিল্লি সফরের কারণেই বৈঠক স্থগিত করা হয়েছে।

তবে তৃণমূলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগও বৈঠক বাতিলের একটি কারণ হতে পারে। বিভিন্ন ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষাপটে তৃণমূল ভবনেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল বলে জানা গেছে।

এদিকে রাজ্য পৌর মন্ত্রণালয় ইতোমধ্যে কলকাতা পৌরসভাকে চিঠি দিয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে আইন অনুযায়ী বর্তমান পুরবোর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ফলে কলকাতা পৌরসভার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে বা নতুন মেয়র নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Share.
Leave A Reply

Exit mobile version