তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৭ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওনা হন।
সফরের আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সফরকালে তথ্যমন্ত্রী আগামী ৮ থেকে ১১ জুন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ ফোরামে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে জহির উদ্দিন স্বপনের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম সহযোগিতা, ডিজিটাল যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তথ্য ব্যবস্থাপনা ও গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও নীতিগত আলোচনা হতে পারে।
কূটনৈতিক মহলের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।
