ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৫ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার সপ্তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১৫ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এদিন সকালে কারাগার থেকে জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় কার্যক্রম শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় এখনও পলাতক রয়েছেন বলে আদালতে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আর গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন একই ট্রাইব্যুনাল।

মামলাটি জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনাবলিকে কেন্দ্র করে দায়ের করা হয় এবং বর্তমানে বিচারিক কার্যক্রম ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version