বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আর এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যেই নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ছয়জন কাউন্সিলরের পক্ষে এ রিট আবেদন দায়ের করা হয়। রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে ভীষ্মদেব চক্রবর্তী এবং মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে।
এর আগে গত ১৬ মে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল প্রকাশ করা হবে।
পরদিন ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।
নির্বাচনী তফসিল অনুযায়ী, সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুইজন পরিচালক পরিচালনা পর্ষদে যুক্ত হবেন।
পরবর্তীতে মোট ২৫ জন পরিচালক নিজেদের মধ্য থেকে ভোটের মাধ্যমে বিসিবির নতুন সভাপতি নির্বাচন করবেন।
নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দায়ের হওয়া এই রিটের ফলে বিসিবি নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
