আগামী ১২ আগস্ট ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি চলতি দশকের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা।

ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, গ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব অঞ্চলে অবস্থানকারীরা কয়েক মিনিটের জন্য দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসার বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন, যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে আড়াল করবে।

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের এত বড় অংশে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। ফলে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, গবেষক ও পর্যটকদের আগ্রহ এখন তুঙ্গে। স্পেন ও আইসল্যান্ডকে গ্রহণ পর্যবেক্ষণের অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে গ্রহণকে কেন্দ্র করে স্পেনের বিভিন্ন শহর ও পর্যটন অঞ্চলে হোটেল বুকিংয়ের হিড়িক পড়েছে। অনেক হোটেল ইতোমধ্যেই প্রায় সম্পূর্ণ বুকড হয়ে গেছে। সম্ভাব্য পর্যটকের চাপ সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

পূর্ণ সূর্যগ্রহণের পাশাপাশি ইউরোপের বৃহৎ অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের মানুষও এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন।

তবে গ্রহণ দেখার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, সঠিক মানসম্পন্ন সার্টিফায়েড সূর্যগ্রহণ চশমা ছাড়া সরাসরি সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তবে পূর্ণ গ্রহণের সময়, যখন সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে, তখন স্বল্প সময়ের জন্য খালি চোখে দৃশ্যটি দেখা নিরাপদ।

উল্লেখ্য, এই সূর্যগ্রহণের পর আগামী ২ আগস্ট ২০২৭ সালে আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, যা মিসরসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ থেকে অত্যন্ত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

Share.
Leave A Reply

Exit mobile version