লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন। সোমবার (১ জুন) ভোরে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, লিবিয়া সরকার ও আইওএম-এর সহযোগিতায় তাদের ত্রিপোলি থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, লিবিয়ার বুরাক এয়ারের বিশেষ চার্টার্ড ফ্লাইট ‘ইউজেড-০২২২’ ভোর ৫টা ১০ মিনিটে ১৭৪ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় অবতরণ করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশে ফেরা অধিকাংশ ব্যক্তি মানবপাচারকারী চক্রের প্ররোচনায় ও সহযোগিতায় বিভিন্ন সীমান্তপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পৌঁছানো।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সমুদ্রযাত্রার প্রস্তুতি এবং লিবিয়ায় অবস্থানকালে অনেকেই মানবপাচারকারী চক্রের হাতে অপহরণ, নির্যাতন ও নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা প্রত্যাবাসিত নাগরিকদের স্বাগত জানান। একই সঙ্গে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানানো হয়।

আইওএম মানবিক সহায়তার অংশ হিসেবে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে বাড়ি ফেরার যাতায়াত খরচ, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধা প্রদান করেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাকি বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version